বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সন্দ্বীপ-বাঁশবাড়িয়া ও চট্টগ্রামে বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের পরিদর্শন

সংস্থাকে লাভজনক করতে নানা উদ্যোগ

সন্দ্বীপ-বাঁশবাড়িয়া ও চট্টগ্রামে বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের পরিদর্শন

মাখদুম সামি কল্লোল : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) একটি গতিশীল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন অঞ্চল পরিদর্শন ও নতুন কর্মপরিকল্পনা জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জনাব এ টি এম আব্দুল বারী ড্যানী চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ঘাটে পরিচালিত উপকূলীয় ফেরি সার্ভিসের কার্যক্রম এবং চট্টগ্রাম অঞ্চলে সংস্থার স্থাবর-অস্থাবর সম্পদ ও বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) জনাব এস এম আশিকুজ্জামান এবং চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকালে চেয়ারম্যান বাঁশবাড়িয়া ফেরিঘাটে পৌঁছালে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারী ও নাবিক বৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। এরপর তিনি সন্দ্বীপ-বাঁশবাড়িয়া উপকূলীয় ফেরি পারাপার ও যাত্রী সেবার সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন। ঘাট এলাকায় যাত্রীসেবা উন্নতকরণ ও ফেরি চলাচল আরো সুশৃঙ্খল করার জন্য দায়িত্বপ্রাপ্তদের দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি চট্টগ্রাম সদরঘাট এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিসি’র আঞ্চলিক কার্যালয়, নিজস্ব জেটি, গোডাউন, খালি জায়গা ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সদরঘাট কার্যালয়ে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় চেয়ারম্যান বলেন, বিআইডব্লিউটিসির অলাভজনক খাতগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থার পরিত্যক্ত খালি জায়গা ও সম্পত্তিগুলো যথাযথ ব্যবহারের মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ (কাঁচপুর)-ভোলা (ইলিশা) রুটে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক সাড়া ফেলেছে।

একইভাবে সন্দ্বীপ-বাঁশবাড়িয়া উপকূলীয় রুটসহ দেশের অন্যান্য নৌপথের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও সার্ভিস সম্প্রসারণের মাধ্যমে বিআইডব্লিউটিসিকে একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সংস্থায় রূপান্তর করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা