বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বিনোদন হানিয়া আমির শুরুতেই দিলেন নতুন চমক

হানিয়া আমির শুরুতেই দিলেন নতুন চমক

বিনোদন রিপোর্টার : অভিনয়ের পাশাপাশি এবার সংগীতাঙ্গনেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয়ের গণ্ডি পেরিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের প্রথম গান ‘পাবলো’ প্রকাশ করেছেন তিনি। পাঞ্জাবি র‍্যাপধর্মী এই গানটির মাধ্যমে নতুন এক সৃজনশীল অধ্যায়ে পা রাখলেন এই তারকা।

‘পাবলো’ গানটি হানিয়া আমির নিজেই লিখেছেন এবং সুর করেছেন। গানটির কথায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা নানা সমালোচনা, নেতিবাচক মন্তব্য এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া। বিশেষ করে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের উদ্দেশে গানের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী।

হানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত গানটিতে নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও উল্লেখ করেছেন তিনি। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ডের ওপর নজর রাখেন, তাদের প্রতিও গানের কথায় ইঙ্গিত রয়েছে।

গানটির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না—গানের কথায় এমন মনোভাবই প্রকাশ পেয়েছে। বরং সমালোচকদের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

‘পাবলো’তে বিশেষভাবে নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী ও আলোচিত তারকা রাখি সাওয়ান্ত। গানটির একটি অংশে হানিয়াকে উদ্দেশ করে তাকে সাহস জোগাতে দেখা যায় রাখিকে। হানিয়াকে ভালোবাসা জানিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি হানিয়ার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করে তাকে ‘সিংহী’ হিসেবে উল্লেখ করেন রাখি।

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অপ্রত্যাশিত সহযোগিতা হিসেবে দেখছেন। অভিনয়ের পাশাপাশি সংগীতে হানিয়ার এই নতুন যাত্রা এরই মধ্যে ভক্ত ও অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা