কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ১০০ বর্গমিটার অফিসসহ ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক বীজ সংরক্ষণাগার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সংগ্রহ কার্যক্রম জোরদারকরণ’ প্রকল্পের উদ্যোগে পৌর সদরের কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের ফলক উন্মোচন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ উপলক্ষে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিএডিসি-র কেন্দ্রীয় প্রকল্প পরিচালক মো. মাহমুদুল আলম।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান জিয়ার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, বিএডিসি কিশোরগঞ্জ জেলার যুগ্ম পরিচালক ইকবাল মোহাম্মদ মোমতাসির, বিএডিসি-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহসান উদ্দিন আহাম্মেদ, জেলা উপ-পরিচালক (বীজ) মো. জয়নাল আবেদিন, উপ-পরিচালক আক্তারুজ্জামান এবং পাকুন্দিয়া কোল্ড স্টোরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ ও মো. কামাল উদ্দিন (ভিপি), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এরফান উদ্দিন মাস্টার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
