স্টাফ রিপোর্টার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিবর্তে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে নতুন নামে ইউনিটটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন এসআরবির প্রধান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘এসআরবি’ নামে গেজেট হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি হিসেবে গতকাল বুধবার থেকে সব কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীটির নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহারের বিষয়টি দেখা গেছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসআরবি গঠনসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন।
এতে আরও বলা হয়, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যমান র্যাব বিলুপ্ত করে নতুন কাঠামোয় এসআরবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি। র্যাব ২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গঠিত হয়। পরবর্তী সময়ে বাহিনীটির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাব ও বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর একই বছরের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র্যাব বিলুপ্তির দাবি জানায়।
এর ধারাবাহিকতায় র্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন কাঠামোয় বিশেষায়িত ইউনিটটির কার্যক্রম চালু করা হলো।
২৯
