বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রিজভী

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রিজভী

স্টাফ রিপোর্টার : ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বললেও ভারত তাকে হস্তান্তর করছে না।

একই সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে ভারতের ভূমিকা রয়েছে, এমন অভিযোগও করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

শেখ হাসিনা ও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
রিজভী বলেন, আমরা ভারতকে বন্ধু দেশ বলি।

কিন্তু কেমন বন্ধু, যখন বাংলাদেশে এত বড় ঘটনা ঘটার পরও আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন? বাংলাদেশ সরকার বারবার তাকে হস্তান্তরের কথা বলেছে। অথচ তাকে ফেরত দেওয়া হচ্ছে না।

শেখ হাসিনার সরকারের সময় নিহত ব্যক্তিদের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ১ হাজার ৪০০ শিশু, তরুণ, কিশোর, ছাত্র-জনতা ও শ্রমিক নিহত হয়েছে। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে আইনের মুখোমুখি করার প্রয়োজন রয়েছে।

ভারতে বাংলাদেশবিরোধী তৎপরতার অভিযোগ তুলে রিজভী বলেন, অনেক শীর্ষ সন্ত্রাসী ও ঘাতক সেখানে আশ্রয় নিয়েছে। যারা দেশের স্বার্থে কথা বলবে, দেশের স্বার্থে কথা উচ্চারণ করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা