শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

বেনাপোল (শার্শা) মোঃ মনজুর মোল্লা : ভারতে বিভিন্ন মেয়াদে জেলখাটার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে ৯ জন নারী ও ৯টি শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালচক্রের মাধ্যমে তারা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। পরবর্তীতে সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন। আদালত তাদের সাজা প্রদানের পর মেয়াদ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা নিজেদের শেল্টার হোমে আইনি হেফাজতে রাখে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই দেশের যৌথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’-এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারী ও শিশুদের আইনি সহায়তার জন্য আপাতত তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা