সিরাজগঞ্জ থেকে মুহাম্মদ নজরুল ইসলাম : সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।
যমুনা সেতু পশ্চিম থানার এসআই প্রণয় প্রামানিক জানান, রাত দেড়টার দিকে মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে এসে ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক মেরামত কাজে জড়িত দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আলিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
