রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়ার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই এলাকার যতন তঞ্চঙ্গ্যা ও মরহুম ইসলাম মাঝির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। আজ শনিবার মৌজা প্রধান হেডম্যান ও মেম্বারের উপস্থিতিতে জমি পরিমাপ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে আবদুর রহিম নামে এক যুবককে আঘাত করে যতন তঞ্চঙ্গ্যা। এসময় ভাইকে রক্ষা করতে গিয়ে রহিমের দুই বোন শানু আকতার ও আয়শা বেগমও আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান জানান, আহতদের মধ্যে রহিম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যদি কেউ অভিযোগ দাখিল করেন তাহলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
