শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

পোরশায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

পোরশা নওগাঁ থেকে এম এ মান্নান : নওগাঁর পোরশায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা ইনচার্জ জিয়াউর রহমানের পরিচালনায় এক মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৪৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সহযোগী এক ব্যবসায়ী পালিয়ে গিয়েছে।

গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম পোরশা থানার নিতপুর শীতলী ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কালশুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পোরশা থানাধীন নিতপুর ইউপির শীতলী ডাঙ্গাপাড়াগামী পাকা রাস্তার ওপর বিকেল ৬ টায় বিশেষ অভিযান পরিচালনা করে সরাসরি মাদক বিক্রি করার সময় হাতেনাতে জহুরুল ইসলামকে আটক করা হয়।
স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৬ টায় আটক জহুরুলের সঙ্গে থাকা গুলের কৌটা থেকে ৩০ পিস এবং পলাতক আসামির ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো ৩৫ পিসসহ সর্বমোট ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে পোরশা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পোরশা উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা