রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ, উদ্ধারে দুই ডুবুরি দল

কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ, উদ্ধারে দুই ডুবুরি দল

কাপ্তাই (রাঙামাটি) থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে সীতার পাহাড় এলাকায় বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত এএসপি মো. নাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, ঢাকা ও নরসিংদী থেকে আসা ১২ সদস্যের একটি পর্যটক দল সীতার পাহাড় ঘুরে পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন সানম।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। জোয়ারের কারণে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বর্তমানে কাপ্তাই ও রাঙামাটি থেকে আসা ডুবুরি দল যৌথভাবে নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধান চালাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা