মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

টেকনাফ থেকে ফরহাদ রহমান : টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণের নাম ছামিউল্লাহ (১৯)। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের ৬ নম্বর রুমের বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ছামিউল্লাহ বাড়ি থেকে টেকনাফের উদ্দেশ্যে বের হন। এরপর তার পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান না পেয়ে তিনি অপহৃত হয়েছেন বলে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে জানান।

এরপর ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছামিউল্লাহকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ফয়সাল (১৮) নামে এক তরুণকে আটক করা হয়। তিনি একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ফয়সালকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও লিপিবদ্ধ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা