নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন পরিদর্শনে এসে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে.বি.এম হাসান।
এ সময় নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিজ্ঞ আইনজীবী মো. আবদুল মান্নান ভূইয়া এবং সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী আবদুল মজিদ শিকদার তাঁকে স্বাগত জানান।
পরে দুপুরে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিচারপতি জে.বি.এম হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে.বি.এম হাসান বলেন,দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মামলার জট কমানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা এড়িয়ে চলার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
তিনি লিগ্যাল এইডের মাধ্যমে বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বর্তমান সময়ে আইনজীবীরাও দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের প্রশংসা করে বিচারপতি জে.বি.এম হাসান বলেন, আন্তরিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি মডেল বার অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি বিচার বিভাগকে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ও দায়রাজজ হুমায়ুন কবির শেখ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন হাবিব, নরসিংদী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবদুল হান্নান, সহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মো. আবদুল মান্নান ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী আবদুল মজিদ শিকদার।
