লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের দায়ে এক তরুণ ও এক কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার(২৩-সেপ্টেম্বর)২০২৬ দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম জানান। আদালত রায়ে ১৮ বছরের বেশি হওয়ায় শেখ জামালকে কারাগারে এবং অপরজন কিশোর হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৫ সালের ১৭ অগাস্ট বিকালে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। শিশুটিকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে দুজন ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে বলা হয়, বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়লে এক প্রতিবেশী তাকে দেখে স্বজনদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর শিশুটি তার স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে।
এ ঘটনায় ১৯অগাস্ট শিশুটির মা বাদী হয়ে দুইজনের নামে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
আইনজীবী বলেন, আসামিদের কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
