বিলাইছড়ি থেকে মোঃ মোজাফফার আহমেদ : ২৩ সেপ্টেম্বর দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে রাঙ্গামাটি সিএমএইচে চারজন স্থানীয় রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের মধ্যে রয়েছেন— ৫৬ বছর বয়সী থুই জাই মারমা; ৬৬ বছর বয়সী তলশী মালা তঞ্চঙ্গ্যা; ৩৪ বছর বয়সী ছিন্নু মা মারমা এবং ৭৯ বছর বয়সী পুনংচান তঞ্চঙ্গ্যা।
দুর্গম পার্বত্য এলাকার প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা গ্রহণ অনেক সময় দূরত্ব, আর্থিক সক্ষমতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বেই সীমাবদ্ধ না থেকে স্থানীয় জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায়ও নিয়মিতভাবে পাশে দাঁড়িয়ে আসছে। বিনামূল্যে ছানি অপারেশনের এই উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন।
রাঙ্গামাটি সিএমএইচে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট রোগীদের সফলভাবে অস্ত্রোপচার করা হয়। অপারেশন শেষে রোগীরা উন্নত চিকিৎসাসেবা এবং সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের সুযোগ পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে চিকিৎসাসেবা, শিক্ষা, ত্রাণ ও অন্যান্য মানবিক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় অব্যাহত রেখেছে।
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখবে, যাতে দুর্গম এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা থেকে বঞ্চিত না হন।
“শান্তি, সম্প্রীতি, উন্নয়ন”—এই প্রত্যয়কে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
