মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : দেশব্যাপী মাদকের ভয়াবহতা রোধকল্পে এবং বর্তমান সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থানের প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকের চোরাচালান ও ব্যবহার প্রতিরোধকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এই আপসহীন ভূমিকার অংশ হিসেবে রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত একটি সফল অভিযানে ০৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার চৌরাস্তা বাজারে ০১ জন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন পিএসসি এর নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আজহার হোসেন এর নেতৃত্বে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২,১০০/- (দুই হাজার একশত) টাকা মূল্যের ০৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আটককৃত বিল্লাল হোসেন মাইনী মুখ ইউনিয়নের পূর্ব জারুল বাগান এলাকার চাঁন মিয়ার ছেলে।
আটককৃত আসামীকে জব্দকৃত নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন পিএসসি বলেন, মাদকের মরণছোবল থেকে দেশকে মুক্ত করতে এবং সীমান্ত পথে সব ধরনের চোরাচালান ও মাদক অনুপ্রবেশ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা জাগ্রত রয়েছে। মাদকের ভয়াবহতার বিরুদ্ধে বিজিবির এই কঠোর আভিযানিক ও আপসহীন অবস্থান ভবিষ্যতে আরো দৃঢ় হবে।
