শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা

মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা

খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় অনুমোদনহীনভাবে চিকিৎসক ও চক্ষু ক্যাম্পেইন পরিচালক পরিচয়ে চক্ষু ক্যাম্পেইন পরিচালনার অভিযোগে পাঁচজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ক্যাম্পেইন পরিচালক ও চিকিৎসক পরিচয়দানকারী দুজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং তিন সহযোগীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং তাদের তিন সহযোগীকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।

অভিযুক্তরা হলেন ঢাকার কোতোয়ালি থানার শাহাজাদা মিয়া লেনের বাসিন্দা অনুপ কুমার বিশ্বাস (ক্যাম্পেইন পরিচালক), পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এলাকার মো. মানিক হাওলাদার (ডিপ্লোমা চিকিৎসক), ঢাকার কেরানীগঞ্জের মো. আরিফ হোসেন ও মো. জাহিদ হোসেন এবং চট্টগ্রামের ডবলমুরিং এলাকার আবদুল কাইয়ুম রিফাত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, অভিযুক্তরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার ছদুরখীল ও বাটনাতলী এলাকায় সাধারণ মানুষকে একত্রিত করে চক্ষু ক্যাম্পেইন পরিচালনা করছিলেন। এসময় তারা চশমা ও ওষুধও বিক্রি করছিলেন। তবে তাদের নিজেদের পরিচয় এবং ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে তারা যথাযথ কোনো বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা