নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ৫ দিন পর মারা গেলেন লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর বাবা মনির হোসেন ও নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকার্ত পরিবারসহ এলাকাবাসী এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, চিকিৎসাধীন রাব্বির মৃত্যুর খবর আমরা শুনেছি। এ ঘটনায় রাব্বির মা বাদী হয়ে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ ঘটনায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬০) ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (৩০) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক জাহিদ সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশিয় মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায় হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন। এতে কাউন্টারের ভেতরে থাকা কর্মচারি রাব্বি দগ্ধ হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।সেখানে আইসিউতে মৃত্যুর সাথে লড়ার ৫দিন পর বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন রাব্বির মা মিনু বেগম।
