চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তর নিয়ে বিরোধ দেখা দিয়েছে। প্রায় ৭০ বছর ধরে বহরী মৌজার নেছার আড়ং বাজারে থাকা ইউনিয়ন পরিষদটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান পরিষদের নামে বিএস খতিয়ানভুক্ত ২৫ শতক জমি রয়েছে। এরপরও জমি সংকটের কারণ দেখিয়ে পরিষদ স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করার পাশাপাশি হাইকোর্টেও রিট করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট তাদের আবেদন নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দিয়ে ৬০ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন।
তাদের দাবি, বর্তমান ও প্রস্তাবিত উভয় স্থান সরেজমিনে পরিদর্শন করে জমির মালিকানা, যোগাযোগব্যবস্থা এবং জনসাধারণের সুবিধা বিবেচনায় নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন তৈরি করতে হবে। এরপর তুলনামূলকভাবে যে স্থানটি বেশি উপযুক্ত, সেটিকেই ইউনিয়ন পরিষদের জন্য নির্ধারণ করতে হবে।
২৬
