রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ উত্তীর্ণ

অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া :

বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ উত্তীর্ণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে অনুষ্ঠিত বিএসসি ইন নার্সিং কোর্সের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার শ্রীমঙ্গল প্রতিনিধি শাহাব উদ্দিন আহমদের কন্যা তানজিদা আহমেদ তাকিয়া। তিনি মৌলভীবাজারের হোয়াইট পার্ল নার্সিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থী।

গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত সারা দেশে একযোগে এ লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়। বিএনএমসির রেজিস্ট্রার হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী অনুযায়ী, এবার বিএসসি ইন নার্সিং কোর্সে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৩১ জন, অনুপস্থিত ছিলেন ১০ জন এবং একজনের পরীক্ষা বাতিল করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪০৯ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৪২২ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। একই দিনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদেরও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তাকিয়ার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু করোনাকালে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকা, যথাসময়ে পরীক্ষা না হওয়া এবং নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি সফল হতে পারেননি। পরে আর পুনরায় চেষ্টা না করে নার্সিং পেশার মধ্য দিয়েই মানুষের সেবার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভবিষ্যতে নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের ইচ্ছা রয়েছে তাঁর।

নিজের এ সাফল্যের কৃতিত্ব তাকিয়া তাঁর বাবা-মা, পরিবার-পরিজন, স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে দিতে চান। বাবার আশা যেন তিনি পূরণ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা