কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময় মাটিভর্তি একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে জাহাজ মালিককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে একটি ভেকু দিয়ে মাটি কেটে জাহাজে ভর্তি করে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল।
খবর পেয়ে বিআইডব্লিউটিএর একটি টিমসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ হাজার ঘনফুট মাটিভর্তি জাহাজটি জব্দ করে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩) জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় মাটিভর্তি একটি জাহাজ জব্দ করা হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া জব্দ করা জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
