শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙ্গামাটি থেকে মো. নাজিম আলী : সরকারি উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে দুদকের চার সদস্যের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিদর্শক আবু ছাদেক।

অভিযানকালে দুদকের টিম রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন কাজের অনিয়মের বিষয়ে কথা বলেন। একই সঙ্গে দপ্তরের ওয়াশব্লক নির্মাণসহ অন্যান্য উন্নয়নকাজের সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়।

দুদক কর্মকর্তা আবু ছাদেক জানান, অভিযানের সময় নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সব কাজের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি। তবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য দুদকের টিম সঙ্গে নিয়ে যায়। পাশাপাশি আরও কিছু নথি দ্রুত সময়ের মধ্যে দুদকের কার্যালয়ে পাঠানোর জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুদকের কর্মকর্তারা জানান, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার কার্যক্রমে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অন্য ঠিকাদারকে কাজ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া দপ্তরের ওয়াশব্লক নির্মাণসহ বিভিন্ন সরকারি উন্নয়নকাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। তবে মাঠপর্যায়ে সংগৃহীত নথিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অভিযানে দুদকের উপসহকারী পরিচালক মামুন, উপসহকারী পরিচালক ছরওয়ার হোসেন, এসআই সাজিবুল ইসলাম মাসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দুদক কর্মকর্তারা জানান, সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা