রবিন খান, নাটোর প্রতিনিধি : ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বেড়েই চলেছে বজ্রপাতের প্রবণতা। প্রাণহানি কমাতে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বৃহস্পতিবার দুপুরে নাটোরে তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। গত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। ২০১৬ সালে সরকার এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। মুক্ত মাঠে কাজ করা কৃষক শ্রেণিই বজ্রপাতের প্রধান শিকার হন।
এমন পরিস্থিতিতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে উদ্যোগ নিয়েছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রাতাল বাজার-কুমগ্রাম সংযোগ সড়কের দু’পাশে ২০০টি তালের চারা রোপণ করা হয়। চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য একটি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, জোনাল ম্যানেজার মুরাদ হোসেন, সেলস সার্কেল অফিসার কার্তিক সরকার রায়, ফিল্ড ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, এসডিও নূর আলম, ব্যবসায়ী বাবলু মিয়া মেহেদী হাসান সবুজ
বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পরিবেশ সুরক্ষায় দেশের অন্যান্য অঞ্চলে তালের চারা রোপণের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।
