শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

লামা (বান্দরবান) প্রতিনিধি : ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অপরাধে মোঃ ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মামলার রায় ঘোষণা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৫৩/২০২৬।

দণ্ডপ্রাপ্ত মোঃ ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার সোহরাব ড্রাইভারের ছেলে। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, “যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, মাদকাসক্তির কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। বিশেষ করে মা-বাবার ওপর সন্তানের নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইমতিয়াজের বিরুদ্ধে নেওয়া এ আইনগত পদক্ষেপকে স্থানীয়ভাবে মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, মাদক সেবন, পারিবারিক নির্যাতন এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশীয় অস্ত্র বহনের মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক
মোঃ-শাহাব উদ্দিন,

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা