সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন : সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গত নয় মাসে বড় ধরনের সাফল্যের তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির সরাইল রিজিয়ন।
সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি বিজিবি ব্যাটালিয়নের অভিযানে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাচালানি পণ্য।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন—২৮ বিজিবির উদ্যোগে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
গত নয় মাসে অভিযানে উদ্ধার করা হয়েছে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান ও ৫টি পাইপ গান।
এছাড়া উদ্ধার করা হয়েছে ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার। সবচেয়ে বড় চিত্র পাওয়া গেছে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত নয় মাসে জব্দ করা মাদক ও অন্যান্য চোরাচালানি মালামালের মোট মূল্য ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা।
এর মধ্যে রয়েছে—
৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা,
১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ।
এসব ঘটনায় ৩০৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান পরিচালনা করছে বিজিবি। এসব অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর এবং ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
শুধু সীমান্ত অপরাধ দমন নয়, দুর্যোগের সময় সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে বিজিবি।
বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি দুর্গম এলাকায় জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিরাপদ সীমান্তই নিরাপদ দেশের ভিত্তি—এই লক্ষ্যেই সীমান্তে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।
