মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আলমসাধুর সঙ্গে সংঘর্ষে সুলেমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুরগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলেমান মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাঁচটি মোটরসাইকেলে করে একদল বন্ধু দেবীপুর এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথে পাতিবিলা বালুরগর্ত এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন এবং আলমসাধুর চালক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। আহত তানজিন (১৫) ও ফরহাদ (১৬)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। আহত আলমসাধু চালকেরও চিকিৎসা চলছে।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। শ্যামনগর গ্রামের নিহতের প্রতিবেশী ও স্কুল শিক্ষক ওলিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
