শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তাকে কবে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকার বারবারই জানিয়েছে, এ বিষয়ে একটি আইনি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া বর্তমানে চলমান।

শেখ হাসিনা কোন পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ওই ধরনের পরিস্থিতির জন্য ভারত সরকার আগে থেকে প্রস্তুত ছিল না।

ভারতীয় হাইকমিশনার বলেন, শেখ হাসিনাকে ভারতে নিতে দেশটির সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না। তিনি যখন ভারতে যান, তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনার অনুরোধে সাড়া দেওয়া ভারতের দায়িত্ব ছিল। তাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়া তখন ভারতের হাতে অন্য কোনো বিকল্প ছিল না।

দীনেশ ত্রিবেদী বলেন, সে সময় শেখ হাসিনাকে ভারতে প্রবেশের সুযোগ না দিলে কী পরিস্থিতি তৈরি হতো, তা বলা কঠিন।

শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়তে হয়েছে, বিশ্বের অন্য কোথাও যেন এমন পরিস্থিতি তৈরি না হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ভারতের হাইকমিশনার।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা