গোপালপুর, টাংগাইলে থেকে কে.এম.শামীম : টাঙ্গাইলের গোপালপুরে ২০ পিস ইয়াবাসহ শরিফ (২১) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ইয়াবা কেনার অভিযোগ ওঠার পর হেমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সেলিম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জসিম ও সদস্য সচিব বদিউজ্জামান রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেলিম হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে শরিফকে আটক করেন স্থানীয়রা। তাঁদের দাবি, শরিফের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে দেওয়া হয়। শরিফ উদ্যমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, ইয়াবা কেনার উদ্দেশ্যে শরিফ সেলিম হোসেনের বাড়িতে গিয়েছিলেন। আটকের পর শরিফ দাবি করেন, সেলিমের কাছ থেকে ৫ হাজার টাকায় ২০ পিস ইয়াবা কিনেছেন তিনি। এর আগেও ওই ব্যক্তির কাছ থেকে তিনবার ইয়াবা কেনার দাবি করেন শরিফ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলিম হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁকে এ ঘটনায় জড়ানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক শরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইয়াবা বিক্রির অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
