রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরুর আগেই মহিলা মেম্বারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

ভালুকায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরুর আগেই মহিলা মেম্বারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হওয়ার আগেই মেদুয়ারী ইউনিয়নের এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. সালমা আক্তারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগটি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মেদুয়ারী ইউনিয়নের রামপুর, বনগ্রাম ও কাঁঠালিয়া গ্রামের অসহায় ও দরিদ্র নারীদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। টাকা দেওয়ার সময় তাদের বলা হয়, কার্ড পেতে হলে টাকা দিতে হবে। অভিযোগকারীদের কয়েকজন টাকা দেওয়ার পরও ফ্যামিলি কার্ড পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট নারী সদস্য কার্ড না দিয়ে নানা ধরনের কথা বলে সময়ক্ষেপণ করছেন। এতে ভুক্তভোগী নারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ ঘটনায় সরকারি অর্থসহায়তা ও ফ্যামিলি কার্ডের কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোছা. সালমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা