মোঃ হারুন মিয়া, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা আদর্শপাড়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সুনামের মূল্যায়নে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই সাফল্যে নিজ এলাকা মাগুরা ও শ্রীপুর উপজেলার স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধী সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের। দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, আইনি জটিলতা নিরসন এবং প্রশাসনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে আমি আমার সর্বোচ্চ মেধা, যোগ্যতা ও শ্রম বিনিয়োগ করব। সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের ক্রীড়া খাতের সার্বিক সংস্কার ও উন্নয়নে আইনি পরামর্শক হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
১৬
