ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার বিকেলে উখিয়ার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী বাজারের নিউ জেন্টালম্যান জেন্টস পার্লার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গত ৫ ডিসেম্বর ২০২৫ সালে সংঘটিত অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিশান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা। তাঁর বাবা হান্নান মিয়া এবং মা মায়মুনা বেগম।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
