নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর ঐতিহ্যবাহী ‘সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রথম ধাপে শীর্ষ ৪টি মূল পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নরসিংদীর ‘অরবিট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে’- আয়োজিত নির্বাচনের ফলাফল ও মতবিনিময় সভায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে মোঃ তৌহিদুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য দুটি পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া এবং অর্থ সম্পাদক হিসেবে মোঃ মানিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ছিল শীর্ষ ৪টি পদের জন্য মনোনয়নপত্র আহ্বানের শেষ দিন।নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে মোঃ তৌহিদুল ইসলাম দুলাল (ব্যাচ ’৮৫), সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (ব্যাচ ’৮৯), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া (ব্যাচ ’৯০) এবং অর্থ সম্পাদক পদে মোঃ মানিক ভূঁইয়া (ব্যাচ ’৯৪) মনোনয়নপত্র দাখিল করেন।
পরবর্তীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামাল উদ্দিন (ব্যাচ ’৭৮) সবগুলো আবেদন বৈধ ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
নির্বাচনে পদগুলোর বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত শীর্ষ ৪ জন দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য ব্যাচের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি গতিশীল ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবেন।
বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে অ্যাসোসিয়েশনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
