শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, দুর্যোগ ঠেকানো না গেলেও সচেতনতা ও আগাম প্রস্তুতিতে কমানো সম্ভব প্রাণহানি ও সম্পদের ক্ষতি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট দুর্যোগ প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা