শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় আমন ধানে মাজরা পোকার আক্রমণ, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ

কুলাউড়ায় আমন ধানে মাজরা পোকার আক্রমণ, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কাঁদিপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় ধানগাছের কাণ্ডে পোকার আক্রমণে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে গিয়ে আক্রান্ত জমি পরিদর্শন করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ নতুন কোনো ঘটনা নয়। তবে সময়মতো ব্যবস্থা না নিলে ধানের ফলন কমে যেতে পারে। এ কারণে কৃষকদের নিয়মিত জমি পর্যবেক্ষণ এবং পোকার লক্ষণ দেখা দিলে দ্রুত কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, “কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমি নিজেসহ কৃষি কর্মকর্তারা আক্রান্ত জমি পরিদর্শন করেছি। কর্মকর্তারা এখনো মাঠে কাজ করছেন।”

তিনি জানান, মাজরা পোকার আক্রমণ দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। আমন ধানে এ পোকার আক্রমণ তুলনামূলক বেশি হয়। কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক সময়ে পরিচর্যা ও অনুমোদিত বালাইনাশক ব্যবহার করলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।

কৃষি কর্মকর্তারা জানান, মাজরা পোকার কীড়া ধানগাছের কাণ্ডের ভেতরে ঢুকে গাছের ক্ষতি করে। গাছের বাড়ন্ত অবস্থায় আক্রমণ হলে মাঝের পাতা শুকিয়ে যায়। শীষ বের হওয়ার সময় আক্রমণ হলে শীষ সাদা হয়ে যেতে পারে এবং ধানের দানা অপুষ্ট বা চিটা হওয়ার আশঙ্কা থাকে।

কৃষকদের জমিতে নিয়মিত নজরদারি, আক্রান্ত গাছ শনাক্তকরণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি কর্মকর্তার পরামর্শ ছাড়া অতিরিক্ত বা নির্বিচারে বালাইনাশক ব্যবহার না করার আহ্বানও জানানো হয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, আক্রান্ত জমির পরিমাণ ও ক্ষতির মাত্রা নিরূপণে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ চলছে। কৃষকদের সচেতনতা এবং সময়মতো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমন ধানের সম্ভাব্য ক্ষতি কমানো সম্ভব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা