চাটখিল থেকে ওমর ফারুক : নোয়াখালীর চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির হলেও বাস্তবে তৃতীয় শ্রেণির পৌরসভা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাটখিল পৌরসভা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় পৌরসভার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, চাটখিল বাজার পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মাসুদ রানা।
এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
