শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় রেলওয়ে স্টেশনের দুই পাশের সড়কের পাশে আবর্জনার স্তূপ, বৃষ্টিতে ছড়ায় দুর্গন্ধ

কুলাউড়ায় রেলওয়ে স্টেশনের দুই পাশের সড়কের পাশে আবর্জনার স্তূপ, বৃষ্টিতে ছড়ায় দুর্গন্ধ

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকার উত্তর ও দক্ষিণ দিকের সড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লার স্তূপ থেকে বর্জ্য রাস্তায় ছড়িয়ে পড়ছে। সামান্য বৃষ্টিতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

স্থানীয়দের মতে, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় এলাকাটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সড়কটির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
এ সড়ক দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। ফলে অপরিচ্ছন্ন পরিবেশ তাঁদের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, যেখানে-সেখানে বর্জ্য জমে থাকা ঠেকাতে কার্যকর ব্যবস্থাপনা ও নজরদারি জরুরি।

কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা হক জানান, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে রেলস্টেশন এলাকার সড়কে চলাচলকারীদের দুর্ভোগ কমবে এবং পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা