শালিখা (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শালিখা উপজেলায় অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ বছর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে মায়ের আরাধনা। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন এই উৎসবে, যা উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শালিখা উপজেলায় মোট ১৬০টি মণ্ডবে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডবেই প্রতিমা দর্শন এবং পূজা-অর্চনা দেখতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উৎসবের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিয়ে কথা হয় বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে। তারা সন্তোষ প্রকাশ করে জানান, “আমাদের মন্দিরগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি প্রতিমা ভাঙচুর বা বিশৃঙ্খলার কোনো শঙ্কাও তৈরি হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলার কড়া নজরদারির পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে রয়েছে।” তারা আরও বলেন, “এখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দিনটি কাটাচ্ছি।”
এদিকে, মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, “শালিখা উপজেলায় ১৬০টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো হুমকি বা প্রতিমা ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। আমাদের আনসার ও ভিডিপি সদস্যরা পুলিশের সাথে সমন্বয় করে প্রতিটি মণ্ডপে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। উৎসবের শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, বর্ণিল আলোকসজ্জা আর দৃষ্টিনন্দন মণ্ডপ সজ্জায় সেজেছে পুরো এলাকা। ঢাকের ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। সকল শঙ্কা ও বাধা পেরিয়ে শালিখার এই দুর্গাপূজা এখন এলাকার সর্বস্তরের মানুষের মিলনোৎসবে পরিণত হয়েছে।
