মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিকেরা অংশ নিয়ে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু একটি পরিবারকে বিপর্যস্ত করে না, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের পথকেও বাধাগ্রস্ত করে।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সদস্য সচিব ফেরদৌস আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিছ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বজরং আগরওয়ালা, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার, এএইচ এম মাজহারুল আজাদ বুলবুল, মো. মোফাজ্জল হোসাইনন, দরাজ আলী, তাজুল ইসলাম, সারওয়ার ইকরাম রিপন, ফেরদৌস তাজ, হোসাইন আহমেদ সুলভ, কামরুল হুদা আকন্দ বাবলু, মো. হজরত আলী ও মীর সবুরসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করার মধ্য দিয়ে অন্যায়কে স্বাভাবিক করে তোলার অপচেষ্টা করা হয়। সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়।
তাঁরা আরও বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকে। আলিফের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবিও জানান তাঁরা।
