নরসিংদী প্রতিনিধিঃ ফ্যাসিস্ট সরকারের দোসর দালালরা অতীতে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোট ব্যাংক হওয়ার দরকার নাই, আপনারা জনগণের একটা অংশ, আপনারা স্বাধীন- এমন মন্তব্য করেছে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় খায়রুল কবির খোকন বলেন, আপনারা বিবেককে প্রশ্ন করবেন, কোন দলের এবং কোন সরকারের সময়ে আপনারা নিরাপদ ছিলেন আর আপনাদের পক্ষে কারা ছিল, সেটা আপনারা বিবেচনা করবেন।
তিনি আরও বলেন, আপনাদের বুদ্ধি-বিবেক রয়েছে, আপনারা সেটা বিবেচনা করে এদেশের নাগরিক হিসেবে আপনারা কাকে ভোট দেবেন, কাকে সমর্থন দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা স্বাধীন।
ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো সমস্ত ধর্মীয় উৎসব এবং সমস্ত রাজনৈতিক উৎসব থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া, সুরক্ষা দেয়া এটা আমাদের দায়িত্ব। প্রশাসনের দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমরা সেটা মনিটর করব যেন শান্তি-শৃঙ্খলা থাকে।
তিনি আরও বলেন, কোনো রকম চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, নৈরাজ্য, মাদক বা কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যা যা করা দরকার, আমরা সে সব করবো।
ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খোকন বলেন, এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা কিছু জায়গায় গা ঢাকা দিয়ে আছে, আমাদের নরসিংদীতেও আছে, সব জায়গায় আছে, থানায়, উপজেলা, সব জায়গায় তো আছে, বিভিন্ন জায়গায় ছিল, তারা মানে তারা গা ঢাকা দিয়ে আছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহ -সভাপতি এমএ জলিল বিজি রশিদ নওশের, রবিউল ইসলাম রবি, , হারুন-অর-রশিদ, একেএম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা,খবিরুল ইসলাম বাবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মানবাধিকার বিষয়ক দীপক কুমার বর্মন প্রিন্স, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী সদর-১ আসনের ৯৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।
