সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ফুলবাড়িয়ায় MVSA-এর উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

ফুলবাড়িয়ায় MVSA-এর উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো: আব্দুর জব্বার: প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ ভেটস ক্লাবের সহযোগিতায় ক্যাম্পেইনটির আয়োজন করে ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (MVSA)।

ক্যাম্পেইনে আশপাশের এলাকার বিপুলসংখ্যক গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি গবাদিপশুর বিনামূল্যে টিকাদান, চিকিৎসাসেবা ও পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিনা এগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. খন্দকার মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ভেটস ক্লাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. নাজমুল হক আপেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ জসিম উদ্দিন, ভিএনএফ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম খাইরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সেলিম রেজা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে অ্যাসোসিয়েশনের সভাপতি ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, পশুপাখির স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, খামারি ও পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তাঁরা আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পশুপালকেরা প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদানের সঠিক পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন। প্রাণিস্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক খামারি ও পশুপালকদের পাশে দাঁড়াবে ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (MVSA)।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা