মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, আটক ১৭

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, আটক ১৭

ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেন মোবাইল কোর্ট। এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

১৬ এপিবিএন সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা