মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তারাকান্দা থেকে তৌকির আহমেদ শাহীন : নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তারাকান্দা বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তারাকান্দায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ড শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুঞ্জিয়া গ্রামে একটি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, দুই যুবক তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ ফকির আইপিটিভি রূপসী বাংলা-এর নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। শুধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিই নয়, এর নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহযোগীদেরও শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং আলিফ হত্যাকাণ্ডের নিরপেক্ষ, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন-তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা আ.মালেক আর্মি,সভাপতি দৈনিক জনতা পত্রিকার তারাকান্দা প্রতিনিধি, তৌকির আহমেদ শাহীন,সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের ফজলে এলাহি ঢালী,তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সবুজের সাগর তালুকদার,দৈনিক মানবজমিনের তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাস,দৈনিক সকালের জাহাঙ্গীর আলম,অলি কাওসার সাংবাদিক,দৈনিক ঢাকার জহিরুল ইসলামসহ তারাকান্দায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা