বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

৬৪ বিজিবির মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, প্রথম অভিযানে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ঠ ১১-০৩০৯। গাড়িটি টেকনাফের মৌলভীবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।

সোমবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে পিকআপটি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের পেছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় অ্যাম্বুশ করে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ অভিযানে শাকিল (২২) নামে এক যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। শাকিল টেকনাফ-উখিয়া সীমান্ত এলাকার মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

৬৪ বিজিবি জানায়, চলতি বছরে প্রযুক্তিগত সক্ষমতা, গোয়েন্দা তৎপরতা ও সদস্যদের পেশাদারিত্বের মাধ্যমে প্রায় ১ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার পিস ইয়াবা এবং ২৩৮ জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিরা যত বড় সিন্ডিকেট বা অভিনব কৌশলই গ্রহণ করুক না কেন, তাদের আইনের আওতায় আনতে বিজিবির অভিযান চলবে।

এ ছাড়া টেকনাফ ও উখিয়া এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা