রিয়াজ উদ্দিন, কক্সবাজার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার (২০ অক্টোবর) রাতে প্রথমে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ের ইন্দ্রসেন দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি কাজল। পরে খুরুশকুল রাসমন্দির, ঈদগাঁও কেন্দ্রীয় কালীবাড়ি ও রামু কেন্দ্রীয় কালীবাড়িসহ সাতটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেন।
পরিদর্শনকালে লুৎফুর রহমান কাজল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের নাগরিক। সবাইকে নিয়ে কক্সবাজারকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন। দেশে ফিরেই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পূজামণ্ডপে ছুটে এসেছেন। পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ রফিকুল হুদা চৌধুরী, সদস্যসচিব মোহাম্মদ আবুল কাসেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও সদস্যসচিব আবুল বশর, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জেলা যুবদলের সহসভাপতি মো. ফরিদুল ইসলাম, পূজা উদ্যাপন কমিটির সভাপতি উদয় শংকর পাল মিটু, বাংলাদেশ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু দোরন ধরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
