বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা

টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ আহরণে নিষেধাজ্ঞার মধ্যে কক্সবাজারের টেকনাফে ১০০ অসহায় ও দুঃস্থ জেলেকে খাদ্যসামগ্রী দিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত টেকনাফ পৌরসভা ও মেরিন ড্রাইভসংলগ্ন হাজাছড়া এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার জেলেরা সাময়িকভাবে জীবিকা নির্বাহে সমস্যায় পড়েছেন। এ পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন দুঃস্থ ও অসহায় জেলের মধ্যে চাল, আটা, তেল, ডাল, চিনি ও লবণ বিতরণ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক বলেন, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’-বিজিবি মহাপরিচালকের এ ভিশন বাস্তবায়নে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও বিজিবি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা