মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ খেলা সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

জনতা ডেস্ক : দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টা থেকে। অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ হবে ১ হাজার টাকা। ক্লাব হাউসের টিকিটের দাম ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, রেড বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিটের মূল্য ১০ হাজার টাকা।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকেরা একটি ডে পাস কিনেই সেদিনের দুই ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে ফাইনালের টিকিটের মূল্য পরিবর্তিত হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতিসহ টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় টিকিট বিক্রির সময়সূচি ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

এবার টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে টিকিফাই। তবে প্রতিষ্ঠানটির টিকিট বিক্রির কার্যক্রম নিয়ে আগেও সমালোচনা হয়েছিল। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর তাদের ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এতে অনেক দর্শক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও টিকিট না পাওয়ার পাশাপাশি অর্থ পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেছিলেন অনেকে।

ওই সময় বাফুফে ও টিকিফাইয়ের পক্ষ থেকে সমস্যার কারণ হিসেবে সাইবার হামলার কথা বলা হয়েছিল। তবে টিকিট বিক্রির ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা অব্যাহত ছিল। এবার সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রিতে আগের সমস্যাগুলোর পুনরাবৃত্তি ঠেকানো যায় কি না, সেটিই এখন দেখার বিষয়।ৎ

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে নিজেদের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। এরপর আর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। এবার ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে দীর্ঘ শিরোপা-খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা