শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহাবুব ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাপ্তরিক নথি ও মামলার প্রাথমিক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে শিবচর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবচর থানার এসআই মোঃ হাসিব শিকদার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এলাকায় ইয়াবার একটি বড় চালান প্রবেশ করতে পারে। পরে এএসআই আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল নিয়ে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে মোঃ মাহাবুব ফকিরের হেফাজতে কাগজে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
ইয়াবা ব্যবসায়ী মোঃ মাহাবুব ফকির (৪৫) শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোতালেব ফকিরের ছেলে। থানা পুলিশ জানায়, তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা হয়েছে যার নম্বর ৪৫, তারিখ ২৭ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলার বাদী হিসেবে এসআই মোঃ হাসিব শিকদার নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন,এসআই হাসিব শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় মাহাবুব ফকিরের হেফাজতে থাকা ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা সহ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিবচর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
