বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার

টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ধারালো কিরিচ ও নোহা বক্সি গাড়িসহ চার অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হ্নীলার মৌলভীবাজার এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী পশ্চিম মহেশখালীয়াপাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলার মৌলভীবাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।

পুলিশ জানায়, টেকনাফগামী একটি নোহা গাড়িকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গাড়ির পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করেন ভেতরে থাকা চারজন। পরে পুলিশ তাদের আটক করে।

তল্লাশিতে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় নোহা বক্সি গাড়িটিও জব্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় ২৮ অক্টোবর ২০২৬ তারিখে এফআইআর নং-৮৯/৯২৭ দায়ের করা হয়েছে। মামলায় দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা