শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হিমছড়ি ঢালায় ডাকাতি: আটক ৩ একজনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

হিমছড়ি ঢালায় ডাকাতি: আটক ৩ একজনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের আলোচিত ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৯ অক্টোবর সকালে ও দুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে হিমছড়ি ঢালায় একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করা হয়। পরপর ডাকাতির ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (SRB) অভিযানে একজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও দুজনকে আটক করা হয়।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার দিন তিনটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির তথ্য উঠে এসেছে বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নিয়মিত নজরদারি করা হচ্ছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা