রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় মানবিক উদ্যোগে আলোকিত রেলওয়ে জংশন, ব্যাকআপ লাইট স্থাপন করলো টিম জার্নালিস্ট’স

কুলাউড়ায় মানবিক উদ্যোগে আলোকিত রেলওয়ে জংশন, ব্যাকআপ লাইট স্থাপন করলো টিম জার্নালিস্ট’স

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : দীর্ঘদিনের আলোকস্বল্পতায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকত মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনের বিভিন্ন অংশ। যাত্রীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে এবার রাশিদ আলী ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তার হোল্ডার সহ ১০টি ব্যাকআপ লাইট স্থাপন করেছে সাংবাদিকদের সংগঠন টিম জার্নালিস্ট’স। সংগঠনটির এমন মানবিক উদ্যোগে সন্ধ্যার পর স্টেশনে যাত্রীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৩১ অক্টোবর সন্ধ্যায় স্থাপিত লাইটগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক এম. মুক্তাদির হোসেন।

দৈনিক দেশের কণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. মুক্তাদির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া রেলওয়ে জংশনের রেল মাস্টার ইনচার্জ মো. গোলাম রাব্বানী ও দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. রুম্মান আহমদ। এ সময় উপস্থিত ছিলেন নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এম. মুক্তাদির হোসেন বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের কল্যাণে কাজ করাও সাংবাদিকদের সামাজিক দায়িত্ব। জনস্বার্থে টিম জার্নালিস্ট’সের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রেল মাস্টার ইনচার্জ মো. গোলাম রাব্বানী বলেন, স্টেশনের আলোকস্বল্পতা নিরসনে এ উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে যাত্রীদের চলাচলে সুবিধা হবে। দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. রুম্মান আহমদও উদ্যোগটির জন্য সংগঠনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল, দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ,জাতীয় দৈনিক জনতা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, নাগরিক টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান মাহি, দৈনিক অভয়নগর পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি তাহমিদুর রহমান, দৈনিক আজকের জনবাণীর উপজেলা প্রতিনিধি আহমেদ আক্তার রানা, শিক্ষানবিশ সাংবাদিক আবরার শাহরিয়ার চৌধুরী, দৈনিক স্বদেশ বিচিত্রার সিলেট ব্যুরো চিফ মনোয়ার আলম মিনার ও শিক্ষানবিশ সাংবাদিক মাহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা