নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা, শ্রেণিকক্ষের নানা বাস্তবতা, শিক্ষার্থীদের মনোজগৎ ও স্বপ্নের গল্প নিয়ে পাঠকের সামনে এলো কাপ্তাই উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুর জামালের গল্পগ্রন্থ ‘স্বপ্নবাহক’। বর্ণাঢ্য আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করেছেন শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টায় রাঙামাটির কাপ্তাইয়ের নিসর্গ রিভারভ্যালিতে কাপ্তাই উচ্চবিদ্যালয় শিক্ষক পরিবারের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক কাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকতা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শ্রেণিকক্ষের বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের মনোজগতের নানা দিক গল্পের মাধ্যমে তুলে ধরার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ‘স্বপ্নবাহক’ শিক্ষক সমাজের অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের আরও গভীরভাবে বুঝতে সহায়ক হবে।
লেখক মো. নুর জামাল বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, শিক্ষার্থীদের সঙ্গে পথচলা এবং শ্রেণিকক্ষের নানা উপলব্ধি থেকেই ‘স্বপ্নবাহক’ লেখার অনুপ্রেরণা পেয়েছেন। নিজের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা গল্পের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতেও শেখান। ‘স্বপ্নবাহক’ সেই স্বপ্ন, চিন্তা ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, চিৎমরম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশীদ, কেপিএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, মাদ্রাসার সুপার আবুল কাশেম, কাপ্তাই শিশুনিকেতন স্কুলের প্রধান শিক্ষক রেহেনা আক্তার রেখা এবং কেআরসি স্কুলের প্রধান শিক্ষক নুরনাহার বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
উল্লেখ্য, লেখক নুর জামাল তাঁর গল্পগ্রন্থ ‘স্বপ্নবাহক’ মা-বাবা এবং জীবনের পথপ্রদর্শক শ্রদ্ধেয় শিক্ষক ও গুরুজনদের উৎসর্গ করেছেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গুণীজনেরা উপস্থিত ছিলেন।
